ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দ ন্যাম ফ্ল্যাট ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন সেখানে বসবাসরত সাবেক সাংসদরা। কর্মকর্তাদের নামে ফ্ল্যাট বরাদ্দকে সংসদ সচিবালয়ের 'সম্পত্তি দখলের ষড়যন্ত্র' অভিযোগ করে সাবেক সাংসদরা তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ন্যাম ফ্ল্যাটে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাবেক সাংসদরা প্রশ্ন তোলেন, সংসদ সচিবালয়ের মালিকানাধীন ন্যাম ফ্ল্যাটে সরকারি কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হলো কেন?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সাবেক সাংসদদের ন্যাম ফ্ল্যাট খালি করে দিতে অথবা মাসিক ২৮ হাজার টাকা ভাড়া দিয়ে থাকার কথা বললেও তারা এই নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগের সাবেক সাংসদ শাহজাহান খান সংবাদ সম্মেলন বলেন, "যেসব ফ্ল্যাট সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, আমি সেই বরাদ্দ বাতিলের দাবি জানাচ্ছি।"
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কিছুদিন আগে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার ৩২৪টি ন্যাম ফ্ল্যাট হস্তান্তরের জন্য সাংসদ সচিবালয়কে অনুরোধ জানায়।
সংসদ সচিবালয় নবম সংসদ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ফ্ল্যাটগুলো খালি করে দেওয়ার শর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে খালি পড়ে থাকা ১৩৭টি ফ্ল্যাট হস্তান্তর করে। মন্ত্রণালয় থেকে এসব ফ্ল্যাট বিভিন্ন মন্ত্রণালয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়।
এর বিরোধিতা করে শাহজাহান খান বলেন, "সংসদ সচিবালয়ের সম্পত্তি দখলের যে ষড়যন্ত্র চলছে, সাবেক সাংসদরা তা প্রতিহত করবে।"
বিএনপির সাবেক সাংসদ মেহেদী আহমেদ রুমি বলেন, "ন্যাম ভবনগুলো সংসদ সচিবালয়ের সম্পত্তি। সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এসব ভবনের নাম পাল্টে 'সংসদ সদস্য ভবন' করার কথা। সংসদ সচিবালয় যদি নাম পরিবর্তনের উদ্যোগ না নেয়, তাহলে সাংসদরা নিজেরাই সে উদ্যোগ নেবে।"
বিএনপির আরেক সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব অভিযোগ করেন, মন্ত্রণালয়ের সচিব এবং কিছু সরকারি কর্মকর্তা ন্যাম ফ্ল্যাট থেকে সাবেক সাংসদদের উচ্ছেদ করার ব্যাপারে অতি আগ্রহ দেখাচ্ছে।
তিনি বলেন, "আমরা ফ্ল্যাটগুলো ছেড়ে দিলে সেগুলো খালি থাকবে বলে মনে হয় না। কিছু ফ্ল্যাট এরইমধ্যে সরকারি কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।"
শাহজাহান খান জানান, তারা সরকারের কোনো প্রস্তাবই গ্রহণ করবেন না। স্পিকারের সুপারিশ অনুযায়ী আলোচনার মাধ্যমে তারা এর সুরাহা করার পক্ষে।
গত ৩০ মার্চ স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার প্রধান উপদেষ্টাকে দেওয়া এক চিঠিতে বলেন, ন্যাম ফ্ল্যাটগুলো সংসদ সচিবালয়ের সম্পত্তি। সেখান থেকে সাবেক সাংসদদের সরে যেতে বলার কোনো এখতিয়ার সরকার বা স্পিকারের নেই।
ন্যাম ফ্ল্যাটে বসবাসরত সাবেক সাংসদদের বরাদ্দ বাতিলের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে স্পিকার তার চিঠিতে দুটি প্রস্তাব করেন।
তিনি বলেন, ন্যাম ফ্ল্যাট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আইন উপদেষ্টা হাসান আরিফকে 'শালিস হিসেবে স্বীকার করে' সংসদ সচিবালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ন্যাম ফ্ল্যাটে থাকা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে এর নিষ্পত্তি করা যেতে পারে। অথবা, রাষ্ট্রপতির মাধ্যমে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জেকে/এসএনডি/এমএ/১৮৩৫ঘ.
bdnews24