ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --রোডম্যাপ অনুযায়ী এ বছরের মার্চে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করার কথা থাকলেও তাতে পিছিয়ে পড়েছে নির্বাচন কমিশন। এছাড়া এ মাসে রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা -- এই চারটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও দেখা দিয়েছে সংশয়।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন,"নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী মার্চের মধ্যে সংস্কার আইন চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু বিএনপির সঙ্গে সংলাপ শেষ না হওয়ায় এই কাজ থেকে আমরা পিছিয়ে গেলাম। সময় মতো কাজটা শেষ করতে পারলে ভালো লাগতো। কিন্তু তার মানে এই নয় যে, নির্বাচনের কাজ ব্যাহত হবে। এটি রোডম্যাপের অনেকগুলো অনুষঙ্গের একটি মাত্র অনুষঙ্গ।"
কবে নাগাদ মেয়াদ উত্তীর্ণ সিটি করপোরেশনগুলোর নির্বাচন হবে, তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "এটি এখন বলতে পারবো না। সিটি করপোরেশনের আইনটি (সংশোধিত) প্রণয়ন হয়নি। এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়। আইনটি আমাদের হাতে এলে তখন আমরা তফসিলের বিষয়ে বলতে পারবো।"
চলতি এপ্রিল মাসে সিটি করপোরেশন নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করার কথা। কিন্তু এখন এই অনিশ্চয়তা দেখা দেওয়ায় রোডম্যাপ থেকে কমিশন পিছিয়ে পড়ছে কী--এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আমরা পিছিয়ে যাচ্ছি না। রোডম্যাপে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে বলা আছে। আমরা যখন রোডম্যাপ তৈরি করেছিলাম, তখন এই সময়সীমা (রেঞ্জ) নির্ধারণ করেছি। কারণ অনেক অনিশ্চয়তা রয়েছে। এখন আমরা এই রেঞ্জের মধ্যেই স্থানীয় নির্বাচনগুলোর আয়োজন করবো।"
"কমিশন এখনো রোডম্যাপ অনুযায়ী চলছে" -- এ দাবি করে তিনি আরও বলেন, "শুধু মাত্র নির্বাচনী আইনগুলো চূড়ান্ত করার কাজ থেকে আমরা পিছিয়ে আছি। তবে এটি আরো পরে হলেও কোনো ক্ষতি নেই।"
গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর -- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছর ফেব্র"য়ারিতে আইনগুলো চূড়ান্ত ও মার্চের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ হওয়ার কথা। একমাত্র বিএনপি ছাড়া কমিশন এরই মধ্যে ১৫ টি রাজনৈতিক দলের সঙ্গে সেপ্টেম্বর ও ফেব্র"য়ারিতে দুদফায় সংলাপ শেষ করেছে।
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফার সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের।
বিএনপির সঙ্গে সংলাপ করতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনকে ইসি চিঠি দিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চায় আদালত। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আগামী ১০ এপ্রিল আদালত এ বিষয়ে রায় দেবে বলে আশা করছে কমিশন। আর তারা আদালতের রায়ই মেনে বিএনপির সঙ্গে সংলাপে বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24