ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ও থাইল্যান্ডের ঘটনা থেকে সরকারকে শিক্ষা নিতে বলে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, "গ্রামের মানুষ আজ রাজনীতিবিদদের হাতছানি দিয়ে ডাকছে। বলছে আসেন আমরা আর বাঁচতে পারছি না।"
দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার যুবলীগের প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি একথা বলেন।
শেখ হাসিনার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বুধবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।
তোফায়েল আহমেদ বলেন, "পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীকে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ৫ বছরে জেল রেখেছিলেন। আজ গিলানীকে শপথ বাক্য পাঠ করাতে বাধ্য হয়েছেন তিনি। থাইল্যান্ডেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থাকসিন বীরের বেশে দেশে ফিরেছেন।"
সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা অনেক জ্ঞানী মানুষ। অনেকেরই ডক্টরেট ডিগ্রি রয়েছে। এসব ঘটনা থেকে শিক্ষা নিন। আর সময় নষ্ট না করে শেখ হাসিনার মুক্তি দিন। অন্য সব নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন।"
জিল্লুর রহমান বলেন, "১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সময় দেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। ক্ষমতা ত্যাগের সময় সেই ঘাটতি পূরণ করে আরো ২৬ লাখ টন খাদ্য উদ্বৃত্ত রাখতে সক্ষম হয়েছিল তার সরকার। দেশের আজকের সঙ্কট মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।"
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশের সাধারণ মানুষের মধ্যে যে আশা-আকাক্সক্ষা তৈরি হয়েছিল আজ সেখানে অবিশ্বাস আর সন্দেহ দানা বেঁধেছে। সরকারকে কেউ বিশ্বাস করতে পারছে না।"
সরকারের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচন দিতে চাইলে অবিলম্বে তারিখ ঘোষণা করুন। জরুরি অবস্থা তুলে নেন। জরুরি আইন দিয়ে আদালতের অধিকার খর্ব করে রাখা হয়েছে।"
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আকতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক, ইয়াফিস ওসমান, আব্দুল লতিফ সিদ্দিকী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমএইচবি/২২ ঘ.
bdnews24