ঢাকা এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক সামসুল আলম বুধবার বিকেলে এই মামলা করেন। এতে খোকার স্ত্রী ইসমত আরা, মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনকেও আসামি করা হয়েছে।
রমনা থানার উপপুলিশ পরিদর্শক মাহবুবুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় তাদের বিরুদ্ধে ৯ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ১৭ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকে দায়ের করা সম্পদের হিসাব বিবরণীতে সাদেক হোসেন খোকা নিজের ৩ কোটি ৩৩ লাখ, স্ত্রীর ৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার, ছেলের ৯১ লাখ ৬২ হাজার এবং মেয়ের ৫১ লাখ ৪২ হাজার টাকাসহ প্রায় ১০ কোটি ৪ লাখ টাকার সম্পদের হিসেব জমা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এএল/এমএ/১৯৩০ ঘ.
bdnews24