ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্যক্তির পরিবর্তনের চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার বেশি প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য। একথা জানিয়ে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও সুশাসনের জন্য যে প্রতিষ্ঠানগুলো অপরিহার্য সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়েও যুক্তরাজ্য আশাবাদী। (আরও তথ্যসহ-১)
আনোয়ার চৌধুরী বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, "যুক্তরাজ্য সরকার মনে করে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কিছু সংস্কার হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযান এবং রাজনৈতিক সংস্কারও চলছে। তবে আরও কিছু সংস্কার প্রয়োজন।"
ব্যক্তির পরিবর্তনের চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে আনোয়ার চৌধুরী বলেন, "বাংলাদেশে বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যক্তির পরিবর্তন নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার। গণতন্ত্র ও সুশাসনের জন্য যে প্রতিষ্ঠানগুলো অপরিহার্য, সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে।"
আনোয়ার চৌধুরী আরও বলেন, জনপ্রশাসন এবং সরকারি কর্ম কমিশনে আরও সংস্কার লাগবে। এছাড়া চলমান দুর্নীতিবিরোধী অভিযান পরবর্তী নির্বাচিত সরকারের সময়েও অব্যাহত রাখতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী ৮-৯ এপ্রিল যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথের বাংলাদেশ সফরের সময়ে তার নিরাপত্তাসহ এ সংক্রান্ত নানা বিষয়েও আলোচনা হয় বলে আনোয়ার চৌধুরী জানান।
চার বছর দায়িত্ব পালন শেষে আগামী জুনে ঢাকা ছেড়ে যাবেন আনোয়ার চৌধুরী। তার জায়গায় দায়িত্ব নেবেন স্টিফেন ইভান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩০৬ ঘ.
bdnews24