২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, নিশ্চয়ই আগামীতে সুন্দর দিন দেবেন: সেনাপ্রধান

দেশে খাদ্য সঙ্কট রয়েছে স্বীকার করে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, সঙ্কট কাটাতে সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, খাদ্যদ্রব্য সবার কাছে পৌঁছে দেওয়াই মূল সমস্যা। এক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন সেনাপ্রধান। চালের মূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে ভাতের ওপর নির্ভরতা কমিয়ে আলু খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বগুড়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্য সঙ্কট রয়েছে স্বীকার করে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, সঙ্কট কাটাতে সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, খাদ্যদ্রব্য সবার কাছে পৌঁছে দেওয়াই মূল সমস্যা। এক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন সেনাপ্রধান। চালের মূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে ভাতের ওপর নির্ভরতা কমিয়ে আলু খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার বগুড়া শহরের চেলোপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত চাষীবাজার পরিদর্শনের সময় জেনারেল মইন উ আহমেদ আরও বলেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, নিশ্চয়ই আগামীতে সুন্দর দিন দেবেন। সেনাপ্রধান বলেন, "আমাদের খাদ্য সঙ্কট আছে। তবে তা কাটাতে সরকার কাজ করছে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে সবার কাছে খাদ্য পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দেশবাসীকেও এগিয়ে আসতে হবে।" খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাতের ওপর নির্ভরতা কমানোরও পরামর্শ দিয়ে জেনারেল মইন বলেন, "শুধু ভাতের ওপর নির্ভর করলে চলবে না। ভাত অবশ্যই খাব, তবে তার সঙ্গে খাদ্য তালিকায় আলুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে।" সেনাপ্রধান জানান, চলতি বছর ৭৮ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এবং গমের উৎপাদনও অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ। তিনি আশা প্রকাশ করেন, এবার আলুর মতো বোরোরও বাম্পার ফলন হবে। জেনারেল মইন বলেন, "গত বছর দুর্যোগের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন। তবে দুর্যোগের পরেও কেউ না খেয়ে মরেনি। নিশ্চয়ই আল্লাহ আগামীতে সুন্দর দিন দেবেন।" বগুড়ার চাষীবাজার সারাদেশে একটি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে জানিয়ে জেনারেল মইন বলেন, "আগামীতে সরকার পরিবর্তন হলেও চাষীবাজার যেন উঠে না যায়, সে জন্য পদক্ষেপ নেওয়া হবে।" তিনি বলেন, "আগে উৎপাদিত কৃষিপণ্য আট হাত ঘুরে ভোক্তার হাতে পৌঁছত। কিন্তু চাষীবাজার চালু হওয়ার পর কৃষক আর ভোক্তা সরাসরি কেনা-বেচা করতে পারছেন। এতে উভয় পক্ষই উপকৃত হচ্ছেন।" চাষীবাজার ও সাধারণ বাজারে পণ্যমূল্যের তারতম্যের অভিযোগ করে বাজারে আসা সাধারণ মানুষ সেনাপ্রধানকে জানিয়ে এ বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইলে জেনারেল মইন বলেন, "ওদের বুঝিয়ে বলুন; তারা না শুনলে নিজেরাই উদ্যোগী হয়ে এ ধরনের চাষীবাজার প্রতিষ্ঠা করুন।" সেনাপ্রধান বুধবার সকালে বগুড়া পৌঁছেন। প্রথমে তিনি বগুড়া সেনানিবাসে যান। সেখান থেকেই তিনি চেলোপাড়ার চাষীবাজারে আসেন। চাষীবাজার পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক, জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার আকরাম হোসেন, বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.