২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিশেষ কারাগারে হাসিনা

চোখের পরীক্ষা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে শেখ হাসিনাকে আবার বিশেষ কারাগারে ফেরত নেয়া হয়েছে। বুধবার সকাল ৮টা ২১ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। চোখের একটি পরীক্ষা করা সহ অন্যান্য কয়েকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০ টা ৩৩ মিনিটে ডিআইজি প্রিজন সামসুল হায়দার ছিদ্দিকীর নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা স্কয়ার হাসপাতাল থেকে শেখ হাসিনাকে নিয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারের উদ্দেশে রওনা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 04:58 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোখের পরীক্ষা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে শেখ হাসিনাকে আবার বিশেষ কারাগারে ফেরত নেয়া হয়েছে। বুধবার সকাল ৮টা ২১ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। চোখের একটি পরীক্ষা করা সহ অন্যান্য কয়েকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০ টা ৩৩ মিনিটে ডিআইজি প্রিজন সামসুল হায়দার ছিদ্দিকীর নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা স্কয়ার হাসপাতাল থেকে শেখ হাসিনাকে নিয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারের উদ্দেশে রওনা হন। এর আগে বুধবার সকালে কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার চোখের কিছু রুটিন টেষ্ট করার জন্য আজ স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা শেষে আবার তাকে বিশেষ কারাগারে ফিরিয়ে আনার কথা।" শেখ হাসিনার চিকিৎসার জন্য গঠিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন সকাল ১০ ২৫ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব নির্ধারিত সময় সূচী অনুযায়ী শেখ হাসিনাকে চোখের একটি পরীক্ষা করার জন্য আজ হাসপাতালে আনা হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহ আলম তার চোখের পরীক্ষা করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে।" গত ১১ মার্চ শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৯ দিন পর ৩০ মার্চ রোববার তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এসময় শেখ হাসিনা আদালতের কাছে অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে জোর করে হাসপতাল থেকে আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত তাকে সরাসরি বিশেষ কারাগারে নেওয়া হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক্সরে,আল্ট্রাসনোগ্রাম,রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা,চোখের পরীক্ষা করা হয়। শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই ধানমন্ডির সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএস/ইএইচবি-এএইচডি/জিএনএ/১০৫০ ঘ.