ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে বুধবার সকাল ৮টা ২১ মিনিটে বিশেষ কারাগার থেকে আবারো স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার চোখের কিছু রুটিন টেষ্ট করার জন্য আজ স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা শেষে আবার তাকে বিশেষ কারাগারে ফিরিয়ে আনার কথা।"
গত ১১ মার্চ শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৯ দিন পর ৩০ মার্চ রোববার তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এসময় শেখ হাসিনা আদালতের কাছে অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে জোর করে হাসপতাল থেকে আদালতে নেওয়া হয়েছে।
পরে আদালত তাকে সরাসরি বিশেষ কারাগারে নেওয়া হয়।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক্সরে,আল্ট্রাসনোগ্রাম,রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা,চোখের পরীক্ষা করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার সঙ্গে স্বামী ড. ওয়াজেদ মিয়া এবং তিনজন আইনজীবি দেখা করেন।
শেখ হাসিনাকে গত বছর ১৫ জুলাই ধানমন্ডির সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ এমএস/ইএইচবি-এএইচডি/জিএনএ/০৮৩০ ঘ.
bdnews24