ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসাধীন কারাবন্দি আব্দুল জলিলের প্যারোলে মুক্তির মেয়াদ ১০ দিন বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কারাবন্দি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার প্যারোলে মুক্তির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর আবেদন জানিয়েছিলেন।
সে আবেদনের পরিপ্রেক্ষিতেই প্যারোলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সাবেক মন্ত্রী আব্দুল জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণ ও চিকিৎসার স্বার্থে তার সাময়িক মুক্তির সময়সীমা ১০ দিনের জন্য বাড়ানো হলো।
জলিলের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পাঠানোর জন্যও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল জলিল স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেছেন। আবেদন পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি"।
গত ২ মার্চ আব্দুল জলিলকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য এক মাসের মেয়াদে প্যারোলে মুক্তি দেওয়া হয়। কিডনির উন্নত চিকিৎসার জন্য ৩ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকের পরামর্শে প্যারোলে মুক্তির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন আব্দুল জলিল।"
আব্দুল জলিলের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিঙ্গাপুরে আব্দুল জলিলের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ভর্তির পর ডাক্তাররা তিন মাসের সময় নিয়েছেন।"
আব্দুল জলিলের শারীরিক নানা ধরনের পরীক্ষা নিরীক্ষাতেই এক মাস সময় চলে গেছে জানিয়ে আকরাম হোসেন বলেন, দুই মাস পর তার অবস্থা দেখে কিডনি প্রতিস্থাপন করা হবে না ডায়ালাইসিস করা হবে সে বিষয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দেবেন।
গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসইউএম/আরএ/জিএনএ/১৩৪৭ ঘ.
bdnews24