ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় দলের ঢাকা মহানগর শাখার কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে।
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি অনশনের শুরুতেই ঘোষণা দেন, অনতিবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।
অনশন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়সার, মফিজুর রহমান, নির্মল রঞ্জন গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক পথিক সাহা, দপ্তর সম্পাদক প্রবাল রায়সহ নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন মনসুর এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ দুপুরে অনশনস্থলে এসে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির প্রতি তাদের সমর্থন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩৮ ঘ.
bdnews24