ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পুলিশি বাধায়' ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। অবশ্য পুলিশ দাবি করেছে, তারা অনুষ্ঠানে কোনোরকম বাধা দেননি। যেসব শর্তে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল ছাত্রদল সে অনুযায়ী অনুষ্ঠান করতে ব্যর্থ হয়েছে।
ছাত্রদলের এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় পুলিশ বেশ কয়েকটি চেক পোস্ট বসিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয়।
সভায় খালেদা জিয়াপন্থী কয়েকজন শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা ছিল।
দুপুরে ছাত্রদল সভা করতে না পেরে তাৎক্ষণিকভাবে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারি বাবু বলেন, "সরকার আলোচনা সভার অনুমতি দিয়ে পরে আবার তা আয়োজনে পুলিশি বাধা দিয়ে স্ববিরোধী আচরণ করছে।"
খালেদা জিয়া ও তার দুই ছেলের মুক্তি দাবি করে তিনি বলেন, "তাদের মুক্তি না দিলে আন্দোলনের ভাষায় এর জবাব দেওয়া হবে।"
পরে ছাত্রদল টিএসসিতে বিক্ষোভ মিছিল ও অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে শফিউল বারি বাবু, সহ সভাপতি জয়ন্ত কুমার কুণ্ড, নূরুল ইসলাম নয়ন, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনুষ্ঠান বাতিল বা এতে বাধা দেইনি। অনুমতিপত্রে কথা ছিল সভা সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অথচ ছাত্রদল বিকেল ৩টায় এটি করতে চায়। তাছাড়া ঢাবির ছাত্রনেতাকর্মীদের এ অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা মূলদলের নেতাদের এতে আমন্ত্রণ জানায়।"
শর্ত অনুযায়ী তারা সভা আয়োজনে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, একই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি ও সুকিচিৎসা দাবি করে ছাত্রলীগও মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে। পরে তারা বটতলায় সমাবেশ করে।
ঢাবি সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন হাসানুজ্জামান লিটন. গোলাম সারোয়ার কবির, ইকবাল মাহমুদ বাবলু, আশরাফুর রহমান, সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ ছাত্র নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/ কিউএইচ/এএল/এমএ/১৯২৫ ঘ.
bdnews24