২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে বিএনপির সঙ্গে সংলাপে বসতে চায় ইসি

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে রিটের রায় ঘোষণা হলে এপ্রিলের মধ্যেই সংলাপ শেষ করতে চায় নির্বাচন কমিশন। হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ১০ এপ্রিল রায় ঘোষণার তারিখ দিয়েছে। রায় বিরুদ্ধে গেলেও এর বিরুদ্ধে কমিশন আপিল করবে না। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে রিটের রায় ঘোষণা হলে এপ্রিলের মধ্যেই সংলাপ শেষ করতে চায় নির্বাচন কমিশন। হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ১০ এপ্রিল রায় ঘোষণার তারিখ দিয়েছে। রায় বিরুদ্ধে গেলেও এর বিরুদ্ধে কমিশন আপিল করবে না। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে কমিশনের আইনজীবী ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। ছহুল হোসাইন জানান, বিএনপির সঙ্গে সংলাপের চিঠির বিরুদ্ধে রিট মামলার বর্তমান অবস্থা জানাতেই ড. কামাল হোসেন এসেছিলেন। নির্বাচন কমিশনার বলেন, "১০ এপ্রিল রায় হলে যতদ্রুত সম্ভব, আমরা সংলাপে বসব। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই, সে সুযোগও নেই।" আদালতের রায় বিরুদ্ধে গেলে আপিল করা হবে না জানিয়ে তিনি বলেন, "অন্য কেউ চাইলে আপিল করতে পারে। কিন্তু আমরা কোনো আপিল করব না। আদালত যে রায় দেবে, আমরা সেটি মেনে নেব।" নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফায় সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। এজন্য নির্বাচন কমিশন ৫ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটি মনোনীত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে চিঠি দেয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওই চিঠির বিরুদ্ধে ১৮ নভেম্বর হাইকোর্টে রিট করেন। এরপর আদালত কমিশনের চিঠির কার্যকারিতা স্থগিত করে দেয়। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খালেদা মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুলও জারি করে আদালত। গত ২৪ মার্চ বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ আগামী ১০ এপ্রিল খালেদা জিয়ার রিটের রায় দেওয়ার তারিখ দেন। গত বছরের ১৫ জুলাই কমিশনের ঘোষিত নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে চলতি বছরের মার্চে আইন চূড়ান্ত হওয়ার কথা। একমাত্র বিএনপি ছাড়া কমিশন নির্ধারিত সব রাজনৈতিক দলের সঙ্গে দু'দফায় সংলাপ শেষ করেছে। বিএনপির সঙ্গে সংলাপ না হওয়ায় মার্চে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে ব্যর্থ হলো নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৭২০ঘ.