২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষ না করেই হাসিনাকে কারাগারে পাঠানো অমানবিক: জিল্লুর

আওয়ামী লীগ অভিযোগ করেছে, চিকিৎসা শেষ হওয়ার আগেই শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনাকে ন্যক্কারজনক ও অমানবিক আখ্যায়িত করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ অভিযোগ করেছে, চিকিৎসা শেষ হওয়ার আগেই শেখ হাসিনাকে বিশেষ কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনাকে ন্যক্কারজনক ও অমানবিক আখ্যায়িত করেছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার গুলশানের বাসায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে জিল্লুর রহমান এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "শেখ হাসিনার চিকিৎসার নামে লুকোচুরি শুরু হয়েছে। চিকিৎসা অসমাপ্ত রেখেই তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয়। এমনকি শেখ হাসিনাকে তার পরনের কাপড়টিও বদলাতে দেওয়া হয়নি।" তিনি অভিযোগ করেন, ১১ মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তির পরের দিন থেকেই শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে স্কয়ার হাসপাতালের প্যানেল চিকিৎসকদেরও তাকে দেখতে দেওয়া হয়নি। কিছু অপরিচিত চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করা হয়েছে। বর্তমানে শেখ হাসিনার নানা রোগের জন্য সরকারকে দায়ী করে জিল্লুর রহমান বলেন, "তার বাম কান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ডান কানও নষ্টের পথে। এ ছাড়া বাম চোখ ২৫ ভাগ নষ্ট হয়ে গেছে।" অবিলম্বে হাসিনার মুক্তি এবং তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "চিকিৎসা যতদিন শেষ না হবে ততদিন নেত্রীর বিচার প্রক্রিয়া বন্ধ রাখতে হবে।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জিল্লুর রহমানের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী ছাড়াও অন্য নেতারা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএইচবি/২০৩০ ঘ.