২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও শিশু পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন শিগগিরই

নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার এক সেমিনারে তিনি বলেন, "নারী ও শিশু পাচার রোধে ২০০২ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং এনজিওদের সহযোগিতায় যে 'জাতীয় কর্মপরিকল্পনা' গ্রহণ করা হয়, তার আশানুরূপ বাস্তবায়ন হয়নি। আমি এ জাতীয় কর্মপরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন আশা করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার এক সেমিনারে তিনি বলেন, "নারী ও শিশু পাচার রোধে ২০০২ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং এনজিওদের সহযোগিতায় যে 'জাতীয় কর্মপরিকল্পনা' গ্রহণ করা হয়, তার আশানুরূপ বাস্তবায়ন হয়নি। আমি এ জাতীয় কর্মপরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন আশা করব।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক ওই সেমিনার হয় রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "মূলত দারিদ্র্যের কারণে বাংলাদেশ থেকে নারী ও শিশু পাচার হচ্ছে। জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা না গেলে পাচার রোধে শতভাগ সফলতা পাওয়া দুরূহ হবে। তাছাড়া অশিক্ষা, সচেতনতার অভাব, বেকারত্ব, লিঙ্গ বৈষম্য, উন্নত দেশগুলোতে শ্রমিকের চাহিদা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনে সর্বহারা মানুষের সংখ্যা বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনায় লোকবল ও প্রযুক্তির স্বল্পতাসহ নানা কারণে নারী ও শিশু পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।" এম এ মতিন জানান, বাংলাদেশ থেকে মূলত ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী ও শিশু পাচার হয়ে থাকে। সুতরাং নারী ও শিশু পাচার বন্ধে সার্ক সনদসহ অন্যান্য অনুমোদিত সনদের বাস্তবায়ন এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারি, বেসরকারি ও আইন প্রয়াগকারী সংস্থার সুসমন্বিত কাজের ওপর গুরুত্ব দেন উপদেষ্টা। সেমিনারে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেন, ১৯৯৬ এর পর থেকে নারী ও শিশু পাচার রোধে আমাদের বড় ধরনের সাফল্য এসেছে। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের চেয়ে বাংলাদের অবস্থান এখন বেশ ভালো। সেমিনারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বেসরকারি সংস্থা অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৭৪০ ঘ.