ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাদ্য সঙ্কট মোকাবেলায় ব্যর্থতার কারণে সরকার এখন চূড়ান্ত গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে সাইফুল হকের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি।
কৃষি অর্থনীতি সুদৃঢ় করতে সরকারকে পরামর্শও দিয়েছে তারা। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার করে স্বল্পতম সময়ে নির্বাচনসহ ৯ দফা দাবি জানিয়েছে দলটি।
রোববার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির একাংশের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, "খাদ্য পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সরকার এখন চূড়ান্ত গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসাংবিধানিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড সরকারের নির্দলীয় থাকার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফলে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।"
দেশে দুর্ভিক্ষ প্রতিরোধে খাদ্য আমদানি নীতি বাদ দিয়ে কৃষি অর্থনীতি আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বাজেটে দিক নির্দেশনা দেওয়ার জন্যও অর্থ উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বর্তমান সঙ্কট উত্তরণে জরুরি অবস্থা তুলে নিয়ে স্বল্পতম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির ৯ দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে রেশন ব্যবস্থা চালু, ভোটার তালিকার কাজ দ্রুত শেষ করা, পক্ষপাতহীনভাবে সব দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের বিচার করা, বিলাসদ্রব্য আমদানি নিষিদ্ধ করা, নারী উন্নয়ন নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানের কাজ বিদেশি সংস্থাকে না দেওয়া, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা ইত্যাদি।
সাইফুল হক জানান, ৯ দফা দাবিতে এপ্রিল মাস থেকে ওয়ার্কার্স পার্টি মানববন্ধন ও গণঅনশনসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি খন্দকার আলী আব্বাস, পলিটব্যুরো সদস্য নাসির উদ্দিন নাসু, আবদুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য বন্নিশিখা জামালী, সেকান্দার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩০ ঘ.
bdnews24