ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার দুপুরে শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হয়েছে।
দুপুর সোয়া দুইটায় স্কয়ার হাসপাতাল থেকে হাসিনাকে আদালতে নিয়ে যাওয়া হয়। গত ১১ মার্চ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তির পর এই প্রথম তাকে আদালতে নেওয়া হল।
শেখ হাসিনার বাম চোখের দৃষ্টিশক্তি ২৫ ভাগ কমে গেছে দাবি করে তার আইনজীবীরা শনিবার বলেছেন, আদালতে হাজির হওয়ার মতো সুস্থ নন তিনি। কিন্তু কারা কর্তৃপক্ষ বলেছে, শেখ হাসিনার চোখ আগের চেয়ে ভালো আছে। আদালতে যেতে রাজি না হওয়ার কারণেই সেখানে তাকে হাজির করা যাচ্ছে না।
কোনো আসামি অসুস্থ থাকলে তাকে জোর করে আদালতে নেওয়া 'বেআইনি' দাবি করে শনিবার স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "আমরা এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করব। তার মেডিকেল রিপোর্ট দেখতে চাইব। আমরা দেখব -এটি বাস্তবতার সঙ্গে মেলে কি না। যদি বাস্তব অবস্থার সঙ্গে না মেলে তবে বুঝতে হবে চিকিৎসায় গাফিলতি হচ্ছে।"
তিনি বলেন, "শেখ হাসিনা এখন অসুস্থ, কোনো অবস্থাতেই তার হাসপাতালের বাইরে যাওয়া উচিত নয়। তিনি হাসপাতালের বাইরে গেলে অসুস্থতা বেড়ে যেতে পারে।"
এদিকে, এম ওয়াজেদ মিয়া, তার বড়ভাইয়ের ছেলে তাজিমুল ইসলাম শামিম ও বোনের নাতনি শামিমা আক্তার শামু শনিবার স্কয়ার হাসপাতালে শেখ হাসিনাকে দেখতে যান। ওয়াজেদ মিয়া প্রায় এক ঘণ্টা স্ত্রীর পাশে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24