২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত এড়াতে সংলাপ জরুরি: আ'লীগ

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবিলম্বে সংলাপ আয়োজনের আহবান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে 'সংঘাত এড়াতে' সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম একথা বলেন। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ সভা চলে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবিলম্বে সংলাপ আয়োজনের আহবান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে 'সংঘাত এড়াতে' সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ জরুরি হয়ে পড়েছে। (আরও তথ্যসহ) বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম একথা বলেন। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ সভা চলে। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সংলাপ না হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। যেখানে কথা-বার্তা বন্ধ হয়ে যায়, সেখানে সংঘাত শুরু হয়। আমরা সভাপতিমণ্ডলীর সভায় সংঘাত বন্ধ করতে সংলাপের কথা বলেছি।" সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সভায় জরুরি অবস্থা প্রত্যাহার, ঘরোয়া রাজনীতি চালু, শেখ হাসিনার সুচিকিৎসা, সরকারের সঙ্গে সংলাপ এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে আলোচনা হয়। সংলাপের আবশ্যিকতা তুলে ধরে তিনি বলেন, "আমরা নিঃশর্ত সংলাপ চাই। তবে এর মধ্যে নেত্রী (শেখ হাসিনা) মুক্ত না হলে সংলাপে আমরা তার মুক্তির দাবি জানাবো। সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে। সংলাপ না হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে।" 'সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমত সৃষ্টি' হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে বললে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "কবে জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে এই সংলাপ থেকে তা স্থির হবে। এই সরকার যে নিরপেক্ষ এই বিষয়টিও পরিস্কার হবে।" 'সংলাপ না হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে' বলতে কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে সৈয়দ আশরাফুল বলেন, "যেখানে কথাবার্তা বন্ধ হয় সেখানেই সংঘাতের শুরু হয়। আমরা সংঘাত বন্ধে সংলাপের কথা বলছি।" দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে সৈয়দ আশরাফ জানান । তিনি বলেন, "দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণের কাছে টাকা নেই, কাজ নেই।" দেশের বাইরে শেখ হাসিনার চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, "নেত্রীকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর জন্য আমরা আবারো জোর দাবি জানাচ্ছি।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সময় আসছে। দেখবেন নেত্রী মুক্ত হয়ে আসবেন। তার নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে।" ২৯ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে সৈয়দ আশরাফ জানান। সে বৈঠকের আলোচ্য বিষয়গুলোও সভাপতিমন্ডলীর বৈঠকে স্থান পায়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সৈয়দ আশরাফ ছাড়া আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/২২৩৪ঘ.