সিরাজগঞ্জ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিরাগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ এম. আকবর আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন উল্লাপাড়া পৌরসভার ঝিকড়াবন্দর এলাকার সাইফুল ইসলাম বাবলু।
হাকিম আরিফুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপি নেতা হেলাল সরকার, আব্দুল জলিল, জাহাঙ্গীর তালুকদার ও আশরাফ আলী।
মামলার অভিযোগে বলা হয়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০৪ সালের ৩ অক্টোবর রাত ৯টার দিকে সাবেক সাংসদ আকবর আলীর নেতৃত্বে অন্য অভিযুক্তরা বাবলুর বাড়িতে বোমা হামলা চালায়। হামলায় কেউ হতাহত না হলেও বাড়ির কিছু অংশ পুড়ে যায়। ক্ষমতার প্রভাবে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে না পেরে এবং নিরাপত্তাহীনতার কারণে তিনি বিদেশে পালিয়ে যান। পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তিনি দেশে ফিরেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন।
এর আগে উল্লাপাড়ায় বাড়ি লুট ও ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আকবর আলীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশ ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করলেও আকবর আলী ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24