ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপির সাবেক সাংসদ এ এইচ এম সেলিমের ১০টি ব্যাংক একাউন্ট জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শামসুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ আদেশ দেন।
দুদকের উপ পরিচালক মো. আলী আকবর রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয় সেলিম কমিশনে দাখিল করা হিসাব বিবরণীর বাইরে অবৈধ উপায়ে ৬২ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি ১২ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৯২৯ টাকার তথ্য গোপন করেছেন।
তার এ কাজে সহযোগিতা করেছেন স্ত্রী আমিনা বেগম, ছেলে মেহেদী হাসান ও মেয়ে সাহারা সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24