ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন ও একটি কার্যকর সংসদ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলী রোডে স্পিকার তার নিজ বাসভবনে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ জানান।
বৈঠক শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টা দেশে ও দেশের বাইরে অনেকবার বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। আমিও মনে করি এ নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠা হবে।"
তিনি বলেন, সংসদকে কার্যকর করা এবং একটি স্বাধীন,স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এর আধুনিকায়নের উপায় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদীয় কমিটিগুলোর ব্যবস্থাপনা ও এগুলো কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
সাংসদদের ন্যাম ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, "ইতিমধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে আমি চিঠি দিয়েছি। আশা করছি একটি সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এমন কিছু করা ঠিক হবে না যার মাধ্যমে নির্বাহী বিভাগের সঙ্গে সংসদের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানের সংঘর্ষ বাধে।"
সংসদ ভবনের স্থাপনাগত আধুনিকায়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চেয়েছে বলে জানান স্পিকার।
গীতা পাসি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি কার্যকর সংসদ দেখতে চায়। তিনি জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সংসদ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে তার। সংসদ স্থাপনার আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সহযোগিতা করার বিষয়েও তারা আলোচনা করেছেন বলে জানান মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স।
গীতা পাসি আরও বলেন, "যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২০১০ঘ.
bdnews24