২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগপত্র অনুমোদন

অবৈধ উপায়ে প্রায় পৌনে তিন কোটি টাকার সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ উপায়ে প্রায় পৌনে তিন কোটি টাকার সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সহযোগিতা করার অভিযোগে স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। এরা তারেকের অবৈধভাবে অর্জিত ৩৫ লাখ টাকা নিজেদের বৈধ আয় দাবি করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। কমিশনের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, আাগামী রোববার এসব অভিযোগপত্র আদালতে দাখিল করা হতে পারে। তারেক রহমানের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২), ২৭ (১) এবং ২০০৭ সালের জরুরি ক্ষমতা বিধিমালা ১৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এ ছাড়া অপরাধ প্রমাণিত হলে দণ্ডবিধির ১০৯ ধারায় তার স্ত্রী ও শাশুড়ির ৩ বছরের কারাদণ্ড হতে পারে। উভয়ক্ষেত্রে আর্থিক জরিমানাও করা হতে পারে। হানিফ ইকবাল বলেন, "আজ (বৃহস্পতিবার) তারেক রহমানের বিরুদ্ধে ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৮৭ টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পত্তি জ্ঞাত আয় বর্হিভূতভাবে অর্জন করার অভিযোগে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।" গত বছরের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দুদকের উপ পরিচালক জহুরুল হুদা মামলাটি করেছিলেন। গত ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান সম্পদের হিসাব বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৩৭ ঘ.