২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দুই মামলা থেকে খালেদার চূড়ান্ত অব্যাহতি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে মামলা দুটি বাতিলের হাইকোর্টের রায়ই বহাল থাকছে। একইসঙ্গে মামলার অভিযোগ থেকে চূড়ান্ত অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে মামলা দুটি বাতিলের হাইকোর্টের রায়ই বহাল থাকছে। একইসঙ্গে মামলার অভিযোগ থেকে চূড়ান্ত অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে সেনানিবাসের বাড়ি সজ্জিতকরণ ও পুলিশের এসআই নিয়োগসংক্রান্ত দুটি দুর্নীতির মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল ও আপিল দায়েরে দেরি করার ক্ষমার আবেদন খারিজ করে দেয়। রায়ের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা করা হয়েছিল। হাইকোর্ট মামলা দুটি বাতিল করে। এর বিরুদ্ধে সরকার লিভ আবেদন করেছিল। আপিল বিভাগ লিভ মঞ্জুর করেনি। ফলে এ মামলায় হাইকোর্টের রায় বহাল থাকছে। দুর্ভাগ্যজনক হলেও আপিল দায়েরে বিলম্ব মার্জনার কারণ ব্যাখ্যা করতে সরকার ব্যর্থ হয়েছে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে পুরনো মামলা পুনরুজ্জীবনের চেষ্টা করছে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকার এটা করছে। এসআই নিয়োগ দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের কপি সরকার পেয়েছে ২০০২ সালের ৩ জুলাই। এই রায়ের ১৯৬৯ দিন পর সরকার আপিলের আবেদন করেছে। অন্যদিকে বাড়ি সজ্জিতকরণ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়ার রায়ের কপি সরকার পেয়েছে ২০০১ সালের ১৮ নভেম্বর। এই রায়ের ২১৭২ দিন পর আপিলের আবেদন করা হয়েছে।" তিনি আরও বলেন, "আপিল বিভাগের রায়ের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির এ দুটি মামলা পুরোপুরি বাতিল হয়ে গেল। হাইকোর্টের রায় বহাল থাকল। সরকার বিলম্বে আপিল দায়েরের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। এজন্য আদালত আবেদন খারিজ করে দিয়েছে। তবে সরকার এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবে।" ১৯৯৬ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশের এসআই নিয়োগ ও ১৯৯৭ সালে তার সেনানিবাসের বাড়ি সজ্জিতকরণে দুর্নীতির অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলা দুটি করে। মামলা দুটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে তিনি মামলা দুটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান। হাইকোর্ট ২০০১ সালে বাড়ি সজ্জিতকরণ ও ২০০২ সালে এসআই নিয়োগ দুর্নীতি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে সাত বছর পর সরকার গত ৩ ডিসেম্বর আপিলের আবেদন করে। পাশাপশি আবেদন করতে দেরি হওয়ার মার্জনা চেয়েও আবেদন করা হয়। ১৬ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন ২৭ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল আবেদন দুটির শুনানির তারিখ দেন। বৃহস্পতিবার সকালে শুনানির শুরুতে আদালত সরকারের কাছে জানতে চায়, কী কারণে আপিল দায়ের করতে দেরি হয়েছে? জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার সময় মামলা দুটি বাতিল করা হয়েছিল। সে সময়ে সরকারের কোনো আইন কর্মকর্তা বা দুর্নীতি দমন ব্যুরোর পক্ষে আপিল করা সম্ভব ছিল না। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকায় তার আদেশ মানার ক্ষেত্রে বাধ্যবাধতকা ছিল। আদালত বলে, এত দেরিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের কারণের সুষ্পষ্ট ব্যাখ্যা আবেদনে দেওয়া হয়নি। খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, নিয়ম অনুযায়ী হাইকোর্টের রায়ের ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হয়। কিন্তু সাত বছর পর এ আবেদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯০০ ঘ.