ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধানদের কারাগারে রেখেই এই প্রথম স্বাধীনতা দিবস পালন করলো দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আগে আওয়ামী লীগ নেতারা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। অন্যদিকে স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন বিএনপি নেতারা।
দুই দলের কর্মসূচিতেই ছিল নেতা-কর্মীদের ঢল।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কেন্দ্রীয় নেতা সুলতান মো. মনসুর, আক্তারুজ্জামান, সাবের হোসেন চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। ওই সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়।
এর পর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে সবাই স্মৃতিসৌধে যায়।
সকালে জাতীয় স্মৃতিসৌধে আলাদাভাবে ফুল দেয় বিএনপির দুই অংশ।
এর পর সকাল ১০টায় মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয় বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশটি। স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, সাবেক সাংসদ নাজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, মাসুদ অরুণ, ফিরোজ আহমেদ খান, আলী আক্কাস নাদিমসহ নেতা-কর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন।
প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তারা।
খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন দুপুর ১২টায়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, শিরিন সুলতানা,অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সেলিম রেজা হাবিবসহ নেতা-কর্মীরা ফুল দেওয়ার পর মোনাজাত করেন।
এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে সমবেত হয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে দলীয় চেয়ারপার্সনের জন্য জন্য ফুল ও উপহার সামগ্রী পাঠায়।
খালেদা জিয়া সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে অন্তরীণ রয়েছেন। জরুরি অবস্থা জারির পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়।
শেখ হাসিনা গ্রেপ্তার হন ওই বছরের ১৬ জুলাই। তাকেও সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে রাখা হয়। তবে অসুস্থতার কারণে স
bdnews24