ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ ২০০৮ নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার। অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পেলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী বাংলাদেশীদের বিশেষ নাগরিক সুবিধা প্রদান নীতিমালা ২০০৮ কিছু সংশোধনী সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। যে সব প্রবাসী বাংলাদেশী বছরে ৫ হাজার মার্কিন ডলার বা তার বেশি অর্থ দেশে পাঠাবেন তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এই অধ্যাদেশের আওতায়।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এই অধ্যাদেশের মাধ্যমে দুটি শাখা গঠন করা হবে। একটি সুপ্রিম কোর্ট শাখা, অন্যটি জেলা শাখা। সুপ্রিম কোর্ট শাখার পদগুলো হবে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল। জেলা শাখায় থাকবে জেলা অ্যাটর্নি, অতিরিক্ত জেলা অ্যাটর্নি, যুগ্ম জেলা অ্যাটর্নি এবং সহকারী জেলা অ্যাটর্নি।
প্রেস সচিব বলেন, যেসব প্রবাসী বাংলাদেশী বছরে ৫ হাজার মার্কিন ডলার বা তার বেশি দেশে পাঠাবেন তারা বিশেষ নাগরিক সুযোগ সুবিধা পাবেন। বিমান বন্দরে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে যে জাতীয় অনুষ্ঠান হয় সেখানে তারা দাওয়াত পাবেন। দেশে বিভিন্ন নাগরিক সুযোগসুবিধার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। তাদের সরকার বিশেষ ধরনের পরিচয়পত্র দেবে।
বৈঠকে 'কনভেনশন ফর দ্যা সেফ গার্ড ইনটেনজিবল কালচারাল হেরিটেজ' অনুস্বাক্ষরের জন্য উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হলে তা আরো পরীক্ষানিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি আইন, পররাষ্ট্র, সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষানিরীক্ষা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএআর/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24