ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও ঢাকার কাছাকাছি কারগারে থাকা মোট ছয়জন ভিআইপি বন্দিকে মঙ্গলবার ঢাকার বাইরের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এসব বন্দির মধ্যে আছেন বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসির উদ্দিন পিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন আহ্মেদ, জামাতের সাবেক সাংসদ সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও ব্যবসায়ী আবুল হাশেম।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ভিআইপি বন্দিদের ঢাকার বাইরে পাঠানো বিষয়টি একটি প্রশাসনিক সিদ্ধান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ না হওয়া সত্ত্বেও কয়েকজন ভিআইপি বন্দি অবৈধভাবে ডাক্তাদের ওপর প্রভাব খাটিয়ে মাসের পর মাস হাসপাতালে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। এ কারণেই কয়েকজনকে চিহ্নিত করে তাদের ঢাকার বাইরে বিভিন্ন কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়।
তিনি জানান, মোসাদ্দেক আলী ফালুকে পঞ্চগড়, নাসির উদ্দিন পিন্টুকে লালমনিরহাট, সালাউদ্দিন কাদের চৌধুরীকে বগুড়া, সালাউদ্দিন আহমেদকে বান্দরবান, আবুল হাশেমকে বরগুনায় ও সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে নরসিংদী কারাগারে স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবুল হশেম ছাড়া সবাইকে ঢাকার বাইরের বিভিন্ন কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রাতে আবুল হাশেমকেও বরগুনায় পাঠিয়ে দেওয়া হয়। আগামী ২৭ মার্চ সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের আদালতে হাজিরার তারিখ থাকায় তাকে ঢাকার কাছাকাছি রাখা হয়েছে।
রোববার কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে অভিযান চালিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে দুটি মোবাইল সিম ও আইপড উদ্ধার করে। লুৎফুজ্জামান বাবরের ঘর পরিষ্কারকারীর কাছ থেকে একটি ও তারেক রহমানের সেলের সামনে দায়িত্বরত দুই পুলিশ সদস্যের কাছেও দুটি মোবাইল ফোন সেট পাওয়া যায়।
এছাড়া তারেক রহমানের চিকিৎসক মোবাইল ফোন নিয়েই তারেক রহমানকে দেখতে যান। তারেক রহমান ওই ফোনে কথা বলেছেন বলে কারা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। এর আগে নাজমুল হুদা, সিগমা হুদা, আমানুল্লাহ আমান, মহিউদ্দিন খান আলমগীরসহ বেশ কয়েজনের কাছে মোবাইল ফোন পাওয়া যায়।
সোমবার কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে থাকার সময় মোবাইল ফোনে কথা বলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ছয়জনকে ইতোমধ্যে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যারা হাসপাতালে রয়েছেন, তাদের সেখানে থাকা কতটুকু প্রয়োজন তা খতিয়ে দেখা হচ্ছে।"
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সাহাদত হোসেন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূইয়াকে মঙ্গলবার কেবিন থেকে প্রিজন সেলে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসএনডি/২১৩৩ ঘ.
bdnews24