ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলাটির বাদী ও তদন্ত কর্মকর্তা কমিশনের উপ পরিচালক মো. মনিরুজ্জামান খান মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে আলতাফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ১৮ ডিসেম্বর রমনা থানায় আলতাফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে কমিশন।
অভিযোগে বলা হয়, সম্পদের হিসাব বিবরণীতে আলতাফ চৌধুরী ৫৯ লাখ ২৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া, তিনি জ্ঞাত আয় বহির্ভুত ২ কোটি ৫৬ লাখ ১ হাজার ৯৭৯ টাকা অর্জন করেন।
চলতি বছরের ৮ জানুয়ারি আলতাফ চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯২৯ ঘ.
bdnews24