ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যপারে জনগণ কি চায় তা সরকার অবশ্যই দেখবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্যারেড স্কয়ারে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রীতিভোজের পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন,"আমরা স্বাধীনতা পেয়েছি, এখন দরকার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।"
সেনাপ্রধান একথা বলার পর অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে স্লোগান দেয়।
এ সময় সেনা প্রধান মুক্তিযোদ্ধাদের ভাতা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। গত বছর পাঁচটি দুর্যোগ হয়েছে, তবুও আমরা সবাই মিলে কাজ করেছি বলে সফলভাবে সেগুলো মোকাবেলা করেছি।"
তিনি বলেন, "এখন প্রধান সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এর সমাধান করতে হলে উৎপাদন বাড়াতে হবে। এ বছর আমরা ভালভাবে কাজ করেছি বলে আলুর ফলন বেড়েছে। বোরোর ফলনও ভাল হচ্ছে। এতে খাদ্য ঘাটতি কমে যাবে। সবাই মিলে কাজ করলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।"
সংবর্ধনা অনুষ্টান ও প্রীতিভোজে উপস্থিত ছিলেন নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহসাব উদ্দিন, অ্যাডজুটেন্ট জেনারেল মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আলী।
স্বাধীনতা দিবস প্যারেডে ১৩০ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24