ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক দুই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সোমবার বিকেলে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ দুই অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
গত বছরের ১৩ নভেম্বর ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ও তার স্ত্রী ইমতিয়াজ বেগমের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এ মামলায় বলা হয়, ডা. ফিরোজ পদ ও ক্ষমতা অপব্যবহার করে নিজের নামে ও বেনামে এবং স্ত্রীর নামে ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৫৬৭ টাকার সম্পদ জ্ঞাত আয়-বহির্ভূতভাবে অর্জন করে একে অন্যের সহায়তায় ঐ সম্পদ নিজেদের ভোগদখলে রেখেছেন।
এ ছাড়া তেজগাঁও থানায় গত নভেম্বরে একই বাদির দায়ের করা অন্য মামলার তদন্ত শেষে সোমবার একই তদন্ত কর্মকর্তা শুধুমাত্র ডা. ফিরোজকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, ডা. ফিরোজ প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পারিবারিক কাজে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানির তিনটি গাড়ি এবং এলজিইডি-র ২টি গাড়ি ব্যবহার করেন। ঐ গাড়িগুলোর জ্বালানি, মেরামত ও আনুষঙ্গিক খরচ বাবদ ৩৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকা গ্রহণ করে সরকারের ক্ষতি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/০১৩১ঘ.
bdnews24