ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'তোকে উড়াইয়া দিমু। পায়ের জুতা দিয়া পিটাইয়া সোজা কইরা ফেলামু। এ ক্ষমতা কতোদিন থাকবো তাও দ্যাহা যাইবো। '
সোমবার দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতের হাজতখানায় এভাবেই পুলিশের একজন সহকারি উপ-পরিদর্শকে হুমকি দিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান।
এখানেই শেষ নয়, হুমকির পর শুরু হয় গালিগালাজ।
শেষ পর্যন্ত হাজতখানার অন্য আসামিদের হস্তক্ষেপে নাসের রহমান শান্ত হন।
ঘটনার সূত্রপাত হাজতখানার প্রবেশ পথে দাঁড়িয়ে নাসের রহমান ও তার একজন আত্মীয়ের কথা বলাকে কেন্দ্র করে। বাথরুম থেকে ফিরে তারা যখন কথা বলছিলেন, তখন এতে বাধ সাধেন পুলিশের সহকারি উপ-পরিদর্শক গোলাম মোস্তফা।
তিনি নাসের রহমানকে বলেন, এখানে বাইরের লোকের সঙ্গে কথা বলা নিষেধ। এ কথা শুনেই নাসের রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ওই সব কথা বলে হুমকি দেন।
ঘটনার শিকার পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "বাইরের লোকের সঙ্গে কথা বলতে নিষেধ করার কারণে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও আমার বাবা-মাকে নিয়ে গালি দেন তিনি।"
এদিন নাসের রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলার রায় হওয়ার দিন ধার্য ছিলো। বিচারক ছুটিতে থাকায় রায় দেওয়া হয়নি। আগামী ৩১ মার্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়।
এর আগে গত জানুয়ারি মাসে নাসের রহমান একইভাবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। ওই ঘটনার পর তার বাবা সাইফুর রহমান লোক পাঠিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন।
একটি চাঁদাবাজির মামলায় নয় বছরের কারাদণ্ড পেয়ে নাসের রহমান বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/২০২৫ঘ.
bdnews24