২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির রিটের রায় আগামী ১০ এপ্রিল

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দায়ের করা রিটের ওপর আগামী ১০ এপ্রিল রায় দেবে হাইকোর্ট। তবে সংলাপ নিয়ে সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর রিটটির শুনানি ওই তারিখ পর্যন্ত মূলতুবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দায়ের করা রিটের ওপর আগামী ১০ এপ্রিল রায় দেবে হাইকোর্ট। তবে সংলাপ নিয়ে সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর রিটটির শুনানি ওই তারিখ পর্যন্ত মূলতুবি করা হয়েছে। সোমবার বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার রিটের রায় দেওয়ার তারিখ ধার্য ও অন্য রিটটির শুনানি মূলতুবি করেন। সকালে খালেদা জিয়ার পক্ষে কৌসুলী এজে মোহাম্মদ আলী আদালতে বলেন, "গত ১৮ মার্চ শুনানিতে রিটকারীর পক্ষে আমরা বলেছিলাম খালেদা জিয়া ও নাসিরউদ্দিন আহমেদের রিটের শুনানি একসঙ্গে গ্রহণ শেষ করে রায় দেওয়া যেতে পারে। কিন্তু আমরা এখন চাচ্ছি, খালেদা জিয়ার রিটের রায় ঘোষণার পর অপর রিটটির শুনানি নিষ্পত্তি হতে পারে।" দুপুরে নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন আদালতে প্রশ্ন তুলে বলেন, "একই বিষয়ে দুটি রিট দায়ের করা হয়েছে। তাই নাসিরউদ্দিন আহমেদের রিটের নতুন করে শুনানির কি প্রয়োজন আছে?" নাসিরউদ্দিন আহমেদের রিটের নতুন করে শুনানির প্রয়োজন আছে কি না আদালত তা রিটকারী পক্ষের কাছে জানতে চান। জবাবে এ জে মোহাম্মদ আলী বলেন, "ওই রিটের নতুন করে শুনানির প্রয়োজন রয়েছে।" শুনানির সময় রিটকারী পক্ষের প্রধান কৌসুলী টি এইচ খান উপস্থিত ছিলেন। গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সংলাপ নিয়ে রিট দায়ের করেছিলেন। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছিল হাইকোর্ট। নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর ওই চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহবান জানিয়েছিল। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা এবং খালেদা মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুলনিশি জারি করেছিল আদালত। নির্বাচন কমিশন চিঠি দেওয়ার আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অন্য একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করে "আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে" নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯২৪ঘ.