২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণই নির্ধারণ করবে দেশে রাজনীতি কারা করবেন: হান্নান শাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, আমলারা নয়, জনগণই নির্ধারণ করবে দেশে রাজনীতি কারা করবেন। তিনি মনে করেন, দেশের মানুষ ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে না চাইলেও সেসময়ের দ্রব্যমূল্যে ফিরে যেতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, আমলারা নয়, জনগণই নির্ধারণ করবে দেশে রাজনীতি কারা করবেন। তিনি মনে করেন, দেশের মানুষ ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে না চাইলেও সেসময়ের দ্রব্যমূল্যে ফিরে যেতে চায়। রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের তাৎপর্য' শীর্ষক মত বিনিময় সভায় হান্নান শাহ এসব কথা বলেন। মত বিনিময় সভায় হান্নান শাহ স্বাধীনতা দিবসের আগে খালেদা জিয়া, হাসিনাসহ আটক সব রাজনীতিবিদের মুক্তিও দাবি করেন। জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম জামায়াতে ইসলামীকে ৭১'এ তাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবীর তালুকদার বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা ছিল রাজনীতিবিদদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।" সভাপতির বক্তব্যে ডা. এম এ মতিন একাত্তরের ২৫ মার্চের মতো আবার একটি গণঐক্য গড়ে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য জি এম কাদের, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির যুগ্ম আহবায়ক আবুল হাসান চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল খায়ের, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবদুল মবিন, পিডিপি'র ফখরুল ইমাম, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, সাবেক হুইপ টি এম গিয়াস উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, সাংবাদিক সাদেক খান, আমার দেশ সম্পাদক আমানুল্লাহ কবীর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৯০৮ঘ.