মাদারীপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন পাঁচ কোটি ভোটার নিবন্ধন শেষ করেছে। এখন থেকে প্রতি মাসে এক কোটি করে তিন মাসের মধ্যে বাকি তিন কোটি ভোটার নিবন্ধন করা হবে।
মাদারীপুরে ব্যক্তিগত সফরে এসে শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার তার এক আত্মীয়ের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি জানান, আগামী সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। কানাডা বা ডেনমার্ক থেকে সেগুলো সংগ্রহের চেষ্টা চলছে।
রোডম্যাপ অনুযায়ী জুনের ৩০ তারিখের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অক্টোবর মাসে। আমরা পাঁচ কোটি ভোটার নিবন্ধন শেষ করেছি। এ কাজ ২ এপ্রিলের মধ্যে করার কথা ছিল। এখন প্রতি মাসে এক কোটি করে তিন মাসের মধ্যে বাকি তিন কোটি ভোটার নিবন্ধনের কাজ হয়ে যাবে।"
জরুরি আইনের মধ্যে নির্বাচন হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি আইনের মধ্যে নির্বাচন করা যায় না। আমরা সরকারকে বলেছি নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করে দিতে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচার চালাতে এবং মিটিং-মিছিল করতে দিতে হবে। শুনেছি সরকার দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কিছু ধারা বহাল রাখতে চায়। তবে সেটা সরকারের ব্যাপার।"
জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভোট দিতে জাতীয় পরিচয়পত্র দরকার হবে না। এটি করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। শুধু সরকারের অনুরোধে আমরা এ কাজটি করছি।
শনিবার সকালে সিইসি ঢাকায় ফিরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯৪৩ ঘ.
bdnews24