ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত জাতীয় কনভেনশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী। সেক্টর কমান্ডারদের অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা- তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যুদ্ধাপরাধী কারা সেটি চিহ্নিত করা মুশকিল। দীর্ঘ অনুসন্ধান প্রয়োজন বলে 'যুদ্ধাপরাধী চিহ্নিত করার বাস্তব সম্ভাবনা' নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পিডিপি নেতা বলেন, "১৯৭১ সালের পর থেকে কোনো রাজনৈতিক সকারের আমলে তারা (সেক্টর কমান্ডাররা) বিচার চাননি। এখন এর পেছনে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।"
যুদ্ধাপরাধীদের চিহ্নিত করা মুশকিল দাবি করে কোরেশী বলেন, "এ জন্য ইতিহাস ঘাটতে হবে, সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এটি কীভাবে সম্ভব? আর যুদ্ধাপরাধের বিচার কীভাবে হবে, কখন হবে তা আরও ভেবে দেখতে হবে।"
দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিভিন্ন দেশের কূটনীতিকরা অযাচিতভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছেন বলেও তিনি মন্তব্য করেন।
জরুরি অবস্থার বিষয়ে লিখিত বক্তব্যে পিডিপির আহ্বায়ক বলেন, "কোন কোন মহল থেকে বলা হচ্ছে নির্বাচনের জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হলে জরুরি অবস্থা তুলে নিতে হবে। যারা জরুরি অবস্থা তুলে নেওয়ার দারি করছেন নির্বাচন তাদের আসল উদ্দেশ্য নয়। তারা জরুরি প্রত্যাহার চান দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান ও আইনি প্রক্রিয়া থামিয়ে দেওয়ার জন্য।"
দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, "সাত আট মাস আগে চাল আমদানির উদ্যোগ নিলে বর্তমানের চেয়ে অর্ধেক দামে আমদানি করার সুযোগ ছিল। সরকারি কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণেই আজ এ পরিস্থিতি হয়েছে।"
সংবাদ সম্মেলনে পিডিপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ খান, মেজর রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/এমএ/১৬৪৩ঘ.
bdnews24