ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের আগেই কারাবন্দি দুই সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন বিএনপির সাবেক ১১৮ জন সাংসদ।
শনিবার এক সংবাদ ব্রিফিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান সাবেক সাংসদের এ দাবির কথা তুলে ধরে বলেন, "খালেদা জিয়া ও শেখ হাসিনার অপরাধ, তারা দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী। সরকারের ইচ্ছামাফিক দেশত্যাগ করে নির্বাসিত জীবন যাপনে রাজি না হওয়ায় মিথ্যা দুর্নীতি মামলায় তারা আজ কারাবাসী।"
সাবেক বিএনপি সাংসদরা একই সঙ্গে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোরও মুক্তি চেয়েছেন।
সেলিমা রহমান বলেন, "খালেদা জিয়ার দুই সন্তান কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। জামিনে মুক্তি পেলে তারা কেউই দেশ থেকে পালিয়ে যাবে না।"
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় ওই সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ৩০ জন সাবেক সাংসদ উপস্থিত ছিলেন।
দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে সেলিমা রহমান দুই নেত্রীর মুক্তিসহ ১০ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠান, জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে স্বল্পমূল্যে চাল-ডাল-আটা বিতরণের ব্যবস্থা নেওয়া, পল্লী এলাকার মানুষের জন্য ব্যাপকভিত্তিতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু, নগরের স্বল্প আয়ের মানুষের জন্য ফেয়ার প্রাইস কার্ড চালু ও বন্ধ কলকারখানা খুলে দেওয়া ইত্যাদি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান বলেন, "দুই নেত্রীকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে সরকার- এটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রত্যাশা।"
তিনি জানান, দুই নেত্রীর মুক্তির দাবি সম্বলিত একটি স্মারকলিপি দুই-একদিনের মধ্যেই প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে।
বিএনপির দুই অংশের ঐক্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ শাহজাহান বলেন, "ঐক্য প্রক্রিয়ায় বিষয়টি এখন সাইফুর রহমান ও হাফিজ সাহেবের কোর্টে। তারা কী করেন, তা-ই দেখার বিষয়। তবে খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গেই আছেন। এই বাস্তবতাকে মেনে নিতে হবে।"
দুই নেত্রীর মুক্তি দাবি করে বিবৃতি দেওয়া বিএনপির সাবেক সাংসদদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী শামসুল ইসলাম, ড. মঈন খান, মোশারেফ হোসেন শাহজাহান, সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লুৎফর রহমান খান আজাদ, খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার প্রমুখ।
সংবাদ ব্রিফিয়ে উপস্থিত ছিলেন, শাহজাহান চৌধুরী, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নাজিমউদ্দিন আলম, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অধ্যক্ষ সোহরার উদ্দিন, সেলিম রেজা হাবিব, শাহ নুরুল কবির শাহীন, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, ফাহিমা হোসাইন জুবলী, জাহান পান্না প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24