ফরিদপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, দুর্নীতিবাজ, অসৎ কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, "এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। রাজনীতিবিদদের উচিত প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি শুরু করা।"
শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমিতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।
ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন বলেও তিনি জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. ইয়াহিয়া ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুরের পুলিশ সুপার কুসুম দেওয়ান, সেনাক্যাম্পের অধিনায়ক মেজর এনায়েত করিম প্রমুখ।
এরপর দুপুরে সিইসি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় যোগ দেন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওলাদার রকিবুল বারী, পৌর চেয়ারম্যান আলীমুজ্জামান টুলু প্রমুখ।
নির্বচন কমিশনার উপজেলার পুরাপাড়া ইউনিয়নে তার নিজ গ্রাম ছোট পাইককান্দি যান। সেখানে তাকে একটি সংবর্ধনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24