ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন তার দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে নির্দেশনা দিয়ে একটি চিঠি দিলেও কারা কর্তৃপক্ষ তা আইনজীবীর হাতে দেয়নি।
বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর ব্যরিস্টার নাসির সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এই চিঠি একটি গোপনীয় দলিল। তাই চিঠিটি নষ্ট করে ফেলার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান বিকাল সোয়া ৩টার দিকে এবং ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম ৪টার দিকে বিশেষ কারাগারে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন।
ব্যরিস্টার নাসির সাংবাদিকদের বলেন, "তিনি (খালেদা জিয়া) কারাবিধি অনুযায়ী একটি চিঠি লিখেছিলেন। আমি তার আইনজীবী; এটি আইনজীবী ও মক্কেলের মধ্যে গোপন থাকার কথা। কিন্তু কারা কর্তৃপক্ষ চিঠিটি আমাকে দেয়নি।"
তিনি বলেন, "আমাকে চিঠিটি না দেওয়ায় সেটি ছিঁড়ে ফেলার জন্য আমি তাদের অনুরোধ করেছি।"
ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে ব্যরিস্টার নাসির বলেন, "বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিচারাধীন মামলার বিষয়ে খালেদা জিয়া আইনজীবীদের দিক-নির্দেশনা দিয়েছিলেন ওই চিঠিতে।"
চিঠির বিষয়ে কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীকে টেলিফোনে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন। কাজেই এ বিষয়ে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়।
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অংশের মহাসচিবকে চিঠি দিলেও খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই চিঠির কার্যকরিতা স্থগিত ঘোষণা করে। বিষয়টির নিস্পত্তি না হওয়ায় এখনও বিএনপির সঙ্গে কমিশনের সংলাপ হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমেদ আজম খান বলেন, "বিএনপি চেয়ারপারসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন। এই মহাসঙ্কট থেকে উত্তরণের জন্য অবিলম্বে সব রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে তাদের সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।"
খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বলেও আজম খন জানান।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আজম খান বলেন, "তার গেটে বাত (আরথ্রাইটিস) আছে। তার ডান কনুই ফুলে গেছে। মাঝে মাঝে জ্বরও হচ্ছে। মুক্ত অবস্থায় যেভাবে চিকিৎসা সম্ভব, কারাগারে সেটি সম্ভব নয়। তবে মানসিকভাবে তিনি যথেষ্ট দৃঢ় অবস্থায় রয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএইচবি/২১০৩ ঘ.
bdnews24