২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার পক্ষে নয়, সত্যি বলতেই আদালতে এসেছি: সালমান

'নাজমুল হুদার পক্ষে নয়, সত্যি কথা বলতেই আজ আদালতে এসেছি। এই নাজমুল হুদাই একদিন আমার মেয়ের মৃত্যুর পর এলাকায় চল্লিশা করতে দেয়নি।' বুধবার একটি দুর্নীতির মামলায় বিএনপি নেতা নাজমুল হুদার পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'নাজমুল হুদার পক্ষে নয়, সত্যি কথা বলতেই আজ আদালতে এসেছি। এই নাজমুল হুদাই একদিন আমার মেয়ের মৃত্যুর পর এলাকায় চল্লিশা করতে দেয়নি।' বুধবার একটি দুর্নীতির মামলায় বিএনপি নেতা নাজমুল হুদার পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৫ এ নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার কাজ চলছে। হুদার পক্ষে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে সালমান রহমান আরও বলেন, " তার বাবা নূরুল হুদা আমার আপন চাচাতো ভাই। পাকিস্তান আমলে একটি জুট মিলের শেয়ার কেনার জন্য তার কাছ থেকে এক কোটি টাকা ধার নিয়েছিলাম আমরা। পরে ওই টাকা থেকে রিন্টুর (নাজমুল হুদার ডাক নাম) ফ্ল্যাট কেনার জন্য তার বাবা ১৯৯২ সালে আমার কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। বাকি টাকা ১৯৯৬-৯৭ সালের দিকে শোধ করে দেই।" এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীর জেরার জবাবে সালমান বলেন, "কোনো ভয়ে বা সম্পর্ক ভালো করার জন্য আজ নাজমুল হুদার পক্ষে সাক্ষ্য দিতে আসিনি। এসেছি সত্যি বলতে। আমাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৈরী হলেও আত্মীয়তার একটি সম্পর্ক আছেই।" তিনি যাতে সাক্ষ্য দিতে না আসেন সেজন্য 'একটি মহল' থেকে বারবার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সালমান। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে গত বছরের ১১ জুলাই দুদক হুদা দম্পতি বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, আসামি নাজমুল হুদা কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকার সম্পত্তি গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত ৭ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। স্বামীকে সহযোগিতা করার অভিযোগে সিগমা হুদাকে এ মামলায় আসামি করা হয়েছে। গত ৩ ফেব্র"য়ারি রাতে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। সিগমা হুদাকে গ্রেপ্তার করা হয় ৫ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৩৮ঘ.