২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও পরিবারের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হবে

দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ২৬ মার্চের মধ্যেই মুক্তি দিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ২৬ মার্চের মধ্যেই মুক্তি দিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপি। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে ড. আর এ গনির বাসায় দলের সিনিয়র নেতা, সাবেক সাংসদ ও অঙ্গ সংগঠনের নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কেন্দ্রীয়ভাবে একদিনের কর্মসূচিও চূড়ান্ত করা হয়। বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি সাংবাদিকদের কাছে আলোচনার সিদ্ধান্ত জানান। তিনি বলেন, '' আমরা চাই, ২৬ মার্চের মধ্যেই খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের মুক্তি দেওয়া হোক। এজন্য দলের পক্ষ থেকে দুই দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে।'' এক প্রশ্নের জবাবে তিনি দলের দুই ধারা ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন,'' আমরা সংস্কার চাই। দুই সংস্কার এক হলে ঐক্য হয়ে যাবে।'' ড. গনি জানান, দল ঐক্যবদ্ধই আছে বলে বৈঠকে অনুভব করেছেন সদস্যরা। ২৬ মার্চের কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে আছে, ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে সাভার স্মৃতিসৌধ ও পরে শেরে বাংলা নগরে প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ এবং বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভা। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে দলের অঙ্গসংগঠনগুলোর ৫ দিনের কর্মসূচি রয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে কর্মসূচি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ড.গনি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ, এম শামসুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান,গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ দলের সাবেক কিছু সাংসদ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বৈঠকের স্থানে এসে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে কর্মসূচি চেয়ে শ্লোগান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩৩ঘ.