২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার

মানহানি ও হত্যার হুমকির অভিযোগে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি ও হত্যার হুমকির অভিযোগে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরীর আদালতে হাজির হয়ে মাহবুবুল আলম মামলাটি প্রত্যাহারের আবেদন জানালে বিচারক তা অনুমোদন করেন। আদালতে বাদী জানান, তিনি আর মামলাটি চালাবেন না। ঘটনাটি নিয়ে আসামি পক্ষের সঙ্গে আপস হয়েছে। মামলার অন্য অভিযুক্তরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এ কাশেম। গত ১৯ ডিসেম্বর মামলাটি হওয়ার পর তিন আসামির বিরুদ্ধে বিচারক আদালতে হাজির হওয়ার সমন জারির আদেশ দেন। মাহবুবুল আলমের অভিযোগ ছিল, ২০০৬ সালের ২৭ জুলাই আসামিদের লোকজন বাদীর চেম্বারে এসে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। মাহবুবুল আলম দুলাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে আসামিপক্ষ আপসের জন্য তাকে প্রস্তাব দেয়। এজন্য শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে মামলাটি প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/২২২৮ ঘ.