ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ- ২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের (লিভ টু আপিল) বিষয়ে মঙ্গলবার রায় ঘোষণা হবে। (সংশোধিত)
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেবে।
সোমবার প্রকাশিত আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে আপিলের আবেদনটি রায় ঘোষণার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিগ- ২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে শেখ হাসিনা গত ৯ মার্চ আপিলের আবেদন করেন। মামলার অন্য আসামিরাও একই আবেদন জানান।
গতবছর ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ মিগ- ২৯ দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন খারিজ করে।
এই রায় স্থগিতের জন্য শেখ হাসিনা আপিল বিভাগে আবেদন জানালে চেম্বার বিচারপতির আদালত ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর ও পরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
কিন্তু ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই স্থিতাবস্থার মেয়াদ আর বাড়ায়নি। এর পর থেকে নিম্ন আদালতে মিগ- ২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ- ২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে আটটি মিগ- ২৯ যুদ্ধ বিমান কিনে রাষ্ট্রের প্রায় সাতশ' কোটি টাকা ক্ষতি করেছেন।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সাচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাৎ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
ওই বছরের মার্চ মাসে শেখ হাসিনা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৯৩৮ ঘ.
bdnews24