ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠান ও সংলাপ প্রশ্নে জাতীয় ঐকমত্য হওয়ার ওপর জোর দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবে ইত্তেফাক আয়োজিত গোলটেবিল আলোচনায় দলগুলোর নেতারা নির্বাচনের আগে পর্যায়ক্রমে জরুরি অবস্থা প্রত্যাহারেরও দাবি করেন।
'সংসদ নির্বাচন, জরুরি অবস্থা ও আমাদের রাজনীতি' শীর্ষক ওই গোলটেবিলে আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন।
আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ জরুরি অবস্থা প্রত্যাহারে দাবি জানিয়ে বলেন, "দেশে কোনো বিশৃঙ্খলা, বিক্ষোভ বা সহিংসতা নেই। তা হলে কেনো জরুরি অবস্থা থাকবে।"
নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "জনমনে নির্বাচন নিয়ে সংশয় তারাই সৃষ্টি করেছে। অন্য নির্বাচন বাদ দিয়ে যত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন করা যাবে, ততই দেশের মঙ্গল হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আমরা চাই ডিসেম্বরে মধ্যে দেশে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এগুচ্ছে তাতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। বিএনপির সঙ্গে এখনো তারা সংলাপে বসতে পারেনি।"
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "এ সরকার একটি সাংবিধানিক সরকার। তাহলে জরুরি অবস্থা প্রত্যাহারে তাদের বাধা কোথায়?''
আলোচনায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা পর্যায়ক্রমে প্রত্যাহার করতে হবে। রাজধানীতে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। এখন জেলা শহরগুলোতে শিথিল করা যেতে পারে।"
জাতীয় ইস্যু বিশেষ করে নির্বাচন, সংলাপ ও সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
কামাল হোসেন বলেন, "কালো টাকার প্রভাবে নির্বাচন হবে, তা মেনে নেওয়া যায় না। এজন্য নির্বাচনী আইনের সংস্কার করতে হবে।''
অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, "সামনে আরও কঠিন সময় আসছে। তাই রাজনীতিবিদ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দু'বছরের জন্য নিজেদের ক্ষুদ্র চিন্তা বাদ দিতে হবে।"
বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা এ এইচ এম মোফাজ্জল করিম গোলটেবিল আলোচনায় বলেন, "অতীত কর্মকাণ্ড নিয়ে রাজনীতিবিদদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোতে গুণগত পরিবর্তন বা সংস্কার আনতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।"
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইত্তেফাকের সম্পাদক রাহাত খান।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পর্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, লিবারেল ডোমোক্রেটিক পার্টির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, জাতীয় পার্টি (জেপি) সভাপতি শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) শামীম আল মামুন, নুরে আলম সিদ্দিকী, মোজাফফর হোসেন পল্টু, ব্যারিস্টার আমির-উল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৯৫৫ঘ.
bdnews24