২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেশ পরিচালনায় সিরিয়াস নয়: সৈয়দ আশরাফুল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দেশ পরিচালনায় সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দেশ পরিচালনায় সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ব্যক্তিগত চিকিৎসক ও হাসপাতালের প্যানেলের চিকিৎসকদের সমন্বয়ের মাধ্যমে শেখ হাসিনাকে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতারা। রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সাংগঠনিক সম্পাদকদের যৌথসভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ঘোড়াকে শেকল দিয়ে বাঁধতে হবে। না হলে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আরও বাইরে চলে যাবে।" নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতাকে দায়ী করে তিনি বলেন, "সরকার কাজ করলে সব কিছুই সম্ভব। এখন প্রশ্ন আসতে পারে- সরকার কাজ করছে, নাকি করছে না।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফুল। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি গত শুক্রবার যে বক্তব্য দিয়েছেন- তার সঙ্গে একমত কিনা জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "তিনি(ড.আকবর আলী খান) বিশেষজ্ঞ মানুষ। পরীক্ষা করেই কথা বলেছেন। তার বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোনও উপায় নেই। জাতি তার কথা গ্রহণ করেছে।" উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন পিয়ন গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করে সৈয়দ আশরাফুল বলেন, "প্রধান উপদেষ্টার কার্যালয়ে কয়েকশ কর্মকর্তা বসেন। কিন্তু, প্রধান উপদেষ্টা বিদেশে চলে গেলে কেউ থাকবেন না, পিয়ন ফোন ধরবেন; বাংলাদেশের ইতিহাসে এর আগে এ রকম হয়নি।" "এ থেকে বোঝা যায় দেশটা কীভাবে চলছে। আসলে সরকার দেশ পরিচালনায় সিরিয়াস নয়", আশরাফুল ইসলাম বলেন। তিনি জানান, আওয়ামী লীগের রোববারের সভায় শেখ হাসিনার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর আহ্বান জানানো হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "চিকিৎসকরা তাকে (শেখ হাসিনা) আমেরিকায় পাঠানোর যে পরামর্শ দিয়েছে তা সভায় সমর্থন করা হয়েছে। মানবিক কারণে শেখ হাসিনাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে ফের অনুরোধ করা হয়েছে।" আওয়ামী লীগ নেতারা ব্যক্তিগত ও হাসপাতালের প্যানেলের চিকিৎসকদের সমন্বয়ে হাসিনার চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সৈয়দ আশরাফুল বলেন, "এক্ষেত্রে কোনও বাধা থাকলে তা দূর করতে হবে। এটা নিয়ে রাজনীতি করার কোনও কারণ দেখছি না।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার চিকিৎসা ধীর গতিতে এগুচ্ছে। এক্ষেত্রে সরকারের পদক্ষেপ যথাযথ কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে আওয়ামী লীগ নেতা বলেন, "পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তার কোনও প্রমাণ নেই।" শেখ হাসিনার চিকিৎসকদের 'দলীয় চিকিৎসক' বলে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "কোনও ডাক্তারই দলীয় নয়। যিনি এই কথা বলেছেন ডাক্তারদের পেশার মাহত্ম্য সম্পর্কে তার কোনও ধারণা নেই।" আব্দুল জলিলের মতো শেখ হাসিনাকেও কোনও রকম শর্ত দিয়ে মুক্তি দেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "এনিয়ে আমাদের সঙ্গে সরকারের কোনও আলোচনা হয়নি।" সেক্টর কমান্ডারদের জাতীয় সম্মেলন করতে না দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সভায় দুঃখ প্রকাশ করা হয়েছে বলে সৈয়দ আশরাফুল জানান। বঙ্গবন্ধুর জন্মদিন রাষ্ট্রিয়ভাবে পালন ও এদিন জাতীয় ছুটি ঘোষণারও দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতি সারাদেশে চালু করার জন্য সভা থেকে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। আগামী জুন মাসের পরই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "তিনি যে কথা বলেছেন তা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুুর রহমানের সভাপতিত্বে ধানমণ্ডির কার্যালয়ে ওই বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্যাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১টায় বৈঠকটি শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৫৫৩ঘ.