ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বেআইনি দাবি করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
রোববার ওই রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানির প্রথম দিনে তিনি বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার বিধানাবলি সংবিধানের আওতায় স্বীকৃত আইন হিসেবে বলবত থাকা অবস্থায় হাইকোর্টের রায় সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। এছাড়া, জরুরি বিধিমালা বলবত থাকা অবস্থায় ওই আইনের আওতায় কোনো ধরনের জামিন প্রদান সম্পূর্ণ বিধিবহির্ভুত ও হাইকোর্টের এখতিয়ার বহির্ভুত।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের মতো আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু করে। সোমবারও শুনানি চলবে।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আদালতে বলেন, "হাইকোর্ট উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রিটে যা চাওয়া হয়েছে তার বাইরে গিয়ে রায় দিয়েছে। শেখ হাসিনা তার রিটে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় নেওয়া অবৈধ ঘোষণার দাবি করেছিলেন। কিন্তু হাইকোর্ট পুরো মামলাটি বাতিল করে দিয়েছে।"
তিনি বলেন, বলেন, "১৪১ খ অনুচ্ছেদে জরুরি অবস্থা চলাকালীন সময়ে সংবিধানের ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ অনুচ্ছেদের মৌলিক অধিকারগুলো স্থগিত থাকবে। জরুরি ক্ষমতা অধ্যাদেশের অধীনে জরুরি ক্ষমতা বিধিমালা প্রণয়ন করা হয়েছে। সুতরাং জরুরি ক্ষমতা বিধিমালার বিধানাবলি সংবিধানের আওতায় স্বীকৃত আইন হিসেবে বলবত থাকা অবস্থায় হাইকোর্টের রায় সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।"
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সংবিধানের ১৪১ ক অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার বিষয়টিকে যথাযথ ও সঠিক দাবি করে বলেন, দ্রুত ন্যয়বিচার নিশ্চিত করার কথা সংবিধানে রয়েছে। শেখ হাসিনার মামলাটিতে দ্রুত ন্যয়বিচার নিশ্চিত করার জন্য বৈধভাবেই তা জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়া হয়েছে।
শুনানির সময় শেখ হাসিনার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করে। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিু আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দেয় আদালত। ওইদিন আপিলের শুনানির জন্য ১৬ মার্চ তারিখ দেওয়া হয়।
আপিলের শুনানি কেন্দ্র করে রোববার সকাল থেকে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চালায় নিরাপত্তা কর্মীরা।
শেখ হাসিনার চাঁদাবাজি মামলার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি আপিলের আবেদন করে সরকার।
এর আগে গত ৬ ফেব্র"য়ারি হাইকোর্ট হাসিনার বিরুদ্ধে মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করে।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
গত ২৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
হাসিনাকে গত বছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬৪২ঘ.
bdnews24