ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো আছেন বলে জানিয়েছে তার চিকিৎসক প্যানেল ও কারা কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছেন, শেখ হাসিনার চিকিৎসক প্যানেল থেকে কোনো চিকিৎসককে বাদ দেওয়া হয়নি। বরং আরও পাঁচ চিকিৎসককে যুক্ত করা হয়েছে।
তাকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য নেই বলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানিয়েছেন।
শেখ হাসিনার জন্য গঠিত চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে এক সংবাদ ব্রিফিঙে বলেন, ''সাবেক প্রধানমন্ত্রী ভাল আছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।''
এর আগে দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কারা মহাপরিদর্শক জাকির হাসান সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তার চিকিৎসা চলছে। স্কয়ার হাসপাতালের কর্তৃপক্ষ তার চিকিৎসা করছেন।"
পর্যায়ক্রমে শেখ হাসিনার চিকিৎসা চলছে জানিয়ে সানোয়ার হোসেন বলেন, তার কানের চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। "তাকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।"
ব্যক্তিগত চিকিৎসকদের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়া সর্ম্পকে প্রশ্নের জবাবে তিনি বলেন,'' তাদের আমরা আমন্ত্রণ জানাইনি আবার আসতে বাধাও দেইনি। তা ছাড়া শেখ হাসিনা কারাবন্দি থাকায়ে বিষয়টি কারা কর্তৃপক্ষের ব্যাপার।''
এ প্রসঙ্গে জাকির হাসান বলেন, "শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে আগে দেখেছেন; প্রয়োজনে ভবিষ্যতেও দেখবেন। এখন তিনি স্কয়ার হাসপাতালে আছেন বলে সেখানকার চিকিৎসকরা তাকে দেখছেন।" চিকিৎসার জন্য হাসিনাকে দেশের বাইরে পাঠানোর বিষয়েও কারা কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য নেই বলে কারা মহাপরির্দশক জানান।
হাসিনার কানের চিকিৎসার বিষয়ে জাকির হাসান বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর কানের চিকিৎসা করা যাবে না, এমন বক্তব্য কর্তৃপক্ষ দেয়নি।"
হাসিনার কানের চিকিৎসা দেশে সম্ভব নয় বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা এর আগে যে মত দিয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে কারা মহাপরিদর্শক বলেন, "ব্যক্তিগতভাবে কেউ তা বলতে পারেন।"
হাসিনার চিকিৎসক প্যানেলের অন্যতম সদস্য ডা. এম এইচ মিল্লাত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "চোখ আর কানের সমস্যা ছাড়া ওনার (হাসিনা) অবস্থা এখন পর্যন্ত কিছুটা ভালো।"
শেখ হাসিনার জন্য গঠিত চিকিৎসক প্যানেল থেকে কয়েকজন চিকিৎসককে বাদ দেওয়া হয়েছে কীনা জানতে চাইলে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও মহাকারা পরিদর্শক উভয়ে জানিয়েছেন, চিকিৎসক প্যানেল থেকে কোনো চিকিৎসককে বাদ দেওয়া হয়নি। বরং আরও পাঁচ চিকিৎসককে যুক্ত করা হয়েছে।
শেখ হাসিনার চিকিৎসার খোঁজ-খবর নিতে কারা মহাপরিদর্শক জাকির হাসান ও কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কয়ার হাসপাতালে অবস্থান করেন। তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। তিনি গ্লুুকোমা ও চোখের প্রেসারে ভুগছেন। এছাড়া গ্রেনেড হামলার কারণে শেখ হাসিনা এক কানে শুনতে পারেন না এবং আরেক কানে শ্রবণশক্তি অর্ধেকে নেমে এসেছে।
সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে হাসিনাকে গত মঙ্গলবার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সুচিকিৎসার জন্য হাসিনকে বিদেশ পাঠাতে গত বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24