ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি শেখ হাসিনাকে দেখতে তার ব্যক্তিগত চিকিৎসকদের বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। হাসিনার চিকিৎসক প্যানেল পুনর্বিন্যাসেরও সমালোচনা করেছে তারা।
সরকারি পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করে সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে অবিলম্বে বিদেশ পাঠানোর দাবিও জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতারা।
এদিকে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা ডাকা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর দ্বিতীয় বৈঠক।
শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। দলের ঢাকা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ বৈঠকে শেখ হাসিনার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং আগামী ২১ মার্চ ঢাকার সব ধর্মীয় উপাসনালয়ে তার রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
সভাশেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তার ব্যক্তিগত চিকিৎসকদের বাধা দেওয়া হচ্ছে। সরকারি বোর্ড গঠন না করে শেখ হাসিনাকে বিদেশে পাঠানোও বিলম্বিত করা হচ্ছে।"
শেখ হাসিনার পাসপোর্ট ফেরতের আদেশ দিয়ে পরদিনই একই আদালতে সে আদেশ স্থগিত করার বিষয়টি তুলে ধরে কামরুল ইসলাম বলেন, "এটা ন্যায়বিচার পরিপন্থী।"
হাসিনার চিকিৎসক প্যানেল পুনর্বিন্যাসের সমালোচনা করে মহানগর আওয়ামী লীগ নেতা বলেন, "চিকিৎসকদের প্যানেল পরিবর্তন করে সরকার শেখ হাসিনার চিকিৎসা প্রক্রিয়াকে রাজনীতিকরণ করছে।"
হাসিনা স্বাস্থ্যের বুলেটিন প্রকাশ না করায় তার চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিকে স্কয়ার হাসপাতালের হাসিনার চিকিৎসায় গঠিত প্যানেলের প্রধান ডা. সানোয়ার হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার চিকিৎসার জন্য গঠিত প্যানেলে নতুন পাঁচ চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়নি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সভাপতিমণ্ডলীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বৈঠকে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত থাকবেন বলে আব্দুল মান্নান জানান।
এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়ে কানের চিকিৎসায় অবিলম্বে তাকে আমেরিকায় নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সে চিঠি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৩৫৫ঘ.
bdnews24