২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের অবস্থার অবনতি হয়েছে: চিকিৎসক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আব্দুল জলিলের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক বরেণ চক্রবর্তী। সিঙ্গাপুরে হৃদরোগ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে বৃহস্পতিবারই দেশে ফেরেন অধ্যাপক চক্রবর্তী। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তার আলাপ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আব্দুল জলিলের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক বরেণ চক্রবর্তী। সিঙ্গাপুরে হৃদরোগ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে বৃহস্পতিবারই দেশে ফেরেন অধ্যাপক চক্রবর্তী। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তার আলাপ হয়। বরেণ চক্রবর্তী আব্দুল জলিলের ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম। প্যারোলে মুক্তি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জলিলকে সিঙ্গাপুর পাঠানোর আগে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল জলিলের কিডনির অবস্থার অবনতি হয়েছে। তবে তার হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে।" তিনি বলেন, "জলিল সাহেবের ক্রিয়েটিনিন বেড়ে গেছে আর রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। ওনাকে নিয়মিত আয়রন ইনজেকশন দেওয়া হচ্ছে। ওখানকার চিকিৎসকরা তাকে আরও তিন মাস পর্যবেক্ষণ করবেন। তারপর তার কিডনির নিয়মিত ডায়ালাইসিস শুরু করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।" সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ফিলিপ কো, কিডনি বিশেষজ্ঞ আকিরা উ এবং জন তানের সঙ্গে আব্দুল জলিলের শারীরিক অবস্থা নিয়ে বরেণ চক্রবর্তীর কথা হয়। আব্দুল জলিলকে গত ৩ মার্চ সিঙ্গাপুর পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/ এমএ/১৭২০ঘ.