২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মাইনাস টু ফর্মুলা' ব্যর্থ হওয়ায় দুই নেত্রী কারাগারে: হান্নান শাহ

'মাইনাস টু ফর্মুলা' ব্যর্থ হওয়ায় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আহ্বান জানিয়ে নির্বাচনের আগেই দুই নেত্রীর মুক্তি দাবি করেছেন তিনি। দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থায় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এ নেতা। সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতাও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মাইনাস টু ফর্মুলা' ব্যর্থ হওয়ায় খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আহ্বান জানিয়ে নির্বাচনের আগেই দুই নেত্রীর মুক্তি দাবি করেছেন তিনি। দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থায় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এ নেতা। সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতাও করেছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ বলেন, "মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হওয়ায় দুই নেত্রীকে কারাগারে থাকতে হচ্ছে।" ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, "এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। আর নির্বাচনের আগে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে।" নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে হান্নান শাহ বলেন, "আট মাস হয়ে গেছে, ভোটার তালিকার অর্ধেকও হয়নি। অথচ তারা সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করতে চায়।" তিনি বলেন, "আবার কমিশন বলছে, উপজেলা নির্বাচনের প্রার্থীদের কোনও রাজনৈতিক দলে থাকা যাবে না। আমার মনে হয়, কমিশনে এখন যারা আছেন, তাদের নির্বাচন করার খুব একটা অভিজ্ঞতা নেই।" সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন দাবি করে তিনি বলেন, "আগে আপনারা সংসদ নির্বাচন করুন। পরে নির্বাচিত সরকার উপজেলা ও অন্যান্য স্থানীয় নির্বাচন করবে। আর রাজনীতিতে না থাকলে উপজেলা নির্বাচন করবে কারা?" হান্নান শাহ বলেন, "অনেকে বলছেন, রাজনীতিবিদরা কিছুই জানে না। আর এখন দেশের অর্থনীতির এ কী অবস্থা! দেশে বিশৃঙ্খলা হবে বলে আমরা সংযত রয়েছি। কিন্তু জনগণ যখন মিছিল করে আমাদের ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসবে, তখন আমরা কী করব?" রাজনৈতিক ঐক্যর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "যারা দুর্বৃত্ত-চোর, তাদের সঙ্গে আমরা ঐক্য চাই না। আমরা দেশপ্রেমিক-জাতীয়তাবাদী শক্তির ঐক্য চাই। ঐক্য হলেই অশুভ শক্তি ব্যর্থ হবে।" বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, "উপজেলা নির্বাচনে কে চেয়ারম্যান আর কে সদস্য হবেন, সে তালিকা বানানো শুরু হয়েছে। আবার সেই তালিকা কাটাছেঁড়াও চলছে। দেশে কোন ধরণের গণতন্ত্র আসছে, জানি না।" 'চিরন্তন বাংলাদেশ' নামে একটি সংগঠনের উদ্যোগে 'স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় জাতীয় ঐক্য' শীর্ষক ওই গোলটেবিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবির প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআইবির সাবেক মহাপরিচালক রেযোয়ান সিদ্দিকী। আলোচনা সমন্বয় করেন চিরন্তন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/এমএ/১৫২০ঘ.