ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জানতে চেয়ে বৃহস্পতিবার কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো মামলার বিষয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য থাকলে আগামী পাঁচদিনের মধ্যে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তবে তিনি যদি মৌখিকভাবে তার বক্তব্য জানাতে চান সে বিষয়টিও কমিশনকে জানাতে হবে।"
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আলাদা দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতির কারণে সরকারের ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
হাসিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের উপ পরিচালক এ এম এম সাব্বির হাসান।
এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, এম আকমল হোসেন, পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24