২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির দুই মামলায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র

সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে দুটি পৃথক চাঁদাবাজি মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে দুটি পৃথক চাঁদাবাজি মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা মুখ্য বিচার বিভাগীয় হাকিম শামসুল আলমের কাছে আদালত পরিদর্শক আব্দুল ওয়াহেদ অভিযোগপত্র দুটি দাখিল করেন। দুই মামলায় শাহজাহান চৌধুরী ও সাতকানিয়া জামায়াতের আমীর ডা. নুরুল হক, সেক্রেটারি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাফফর আহমদ, জামায়াত নেতা ফরিদুল আলমসহ ৩৬ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। শাহজাহান চৌধুরী এবং ডা. নুরুল হক বর্তমানে কারাগারে আছেন। চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করার পর হাকিম শামসুল আলম তা আমলে নিয়ে বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। তবে পরবর্তী শুনানীর দিন ধার্য হয়নি। তিনি জানান, মামলা দুটির তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক নেয়ামতুল করিম অভিযোগপত্র দুটি চূড়ান্ত করে জমা দিলে বৃহস্পতিবার তা আদালতে দাখিল করা হয়। তিনি জানান, এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সাতকানিয়ার মীর্জাখিলের বাসিন্দা নূর আহমদের দায়ের করা মামলায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়। তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একই গ্রামের জামাল উদ্দিনের দায়ের করা অপর মামলায় সাবেক সাংসদসহ ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান। নূর আহমদ এবং জামাল উদ্দিন গত বছরের ১৪ মে শাহজাহান চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন। এই দুটি চাঁদাবাজি মামলা ছাড়াও শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও দুর্নীতি মামলাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০২৬ ঘ.