২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর মেয়াদী সড়ক মহাপরিকল্পনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

প্রায় ৬৯ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ২০ বছর মেয়াদী সড়ক মহা পরিকল্পনা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। জাতীয় পর্যায়ে পর্যালোচনা করে তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ মহাপরিকল্পনা প্রস্তাবের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 11:07 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রায় ৬৯ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ২০ বছর মেয়াদী সড়ক মহা পরিকল্পনা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। জাতীয় পর্যায়ে পর্যালোচনা করে তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ মহাপরিকল্পনা প্রস্তাবের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "২০ বছর মেয়াদী এ মহা পরিকল্পনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮,৬০০ কোটি টাকা (৯.৮ বিলিয়ন মার্কিন ডলার)। ইতিপূর্বে সরকারের তৈরি ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনার প্রতিফলন রেখে ২০ বছর মেয়াদী সমন্বিত পরিকল্পনা এটি। বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে এবার জাতীয় পর্যায়ে পর্যালোচনা করে শিগগির তা বাস্তবায়নের কাজ শুরু করব।" ২০০৬ সালে জুলাই মাসে পরামর্শক গ্রপ ডব্লিউএসপি এ কার্যক্রম হাতে নেয় । সরকারের অনুমোদন চূড়ান্ত হলে ২০০৮ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপদ বিভাগ, রোড নেটওয়ার্ক ইমপ্র"ভমেন্ট অ্যান্ড মেইন্টেনেন্স প্রজেক্ট-২ এর অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে সরকার। এতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিদিন গড়ে কোটি টাকার ক্ষতি হচ্ছে। এ প্রকল্পেরও উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে এ রক্ষণাক্ষেণ কাজে।" এ ক্ষেত্রে বেসরকারী বিনিয়োগের বিষয়টি ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। অনুষ্ঠানে রোড মাস্টার প্ল্যান স্টাডি টিমের নেতা ড. সিওন হাওয়ার্থ, পরিকল্পনা কমিশনের সদস্য আ ম ম নাসির উদ্দিন, যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, যুগ্ম সচিব তাজুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের মূখ্য প্রকৌশলী আশরাফুল ইসলাম, প্রকল্পের ড. এম রহমত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। আ ম ম নাসির উদ্দিন বলেন, "এটা কোনো ডকুমেন্ট নয়, উন্নয়নের জন্যে এ নিয়ে আরো আলোচনা হবে। এখনই সময় পরিকল্পনা বাস্তবায়নের।" ড. মাহবুবুর রহমান বলেন, "আমরা নিজেরা নিজেদের বিশ্বাস করতে পারি না বলেই পরিকল্পনা বাস্তবায়ন হয় না। বেসরকারি খাতকে সম্পৃক্ত না করে কোনো বড় প্রজেক্ট বাস্তবায়ন করা যায় না।" ড. সিওন হাওয়ার্থ মহাপরিকল্পনার সারসংক্ষেপ উপস্থাপনকালে বলেন, " দেশের সড়কের ক্ষতির অধিকাংশই হয় ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহনে। এজন্যে প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয়।" ড.এম রহমত উল্লাহ এ প্রকল্পে বেসরকারী বিনিয়োগ নিশ্চিত করা, ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির পরামর্শ দেন। এ মহাপরিকল্পনায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ২০ বছরে গড়ে ১ হাজার কোটি টাকারও বেশি বার্ষিক ব্যয় ধরে ২৩ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পে অর্থের উৎস ধরা হয়েছে সড়কে চলাচলকারী যানবাহন থেকে সংগৃহীত অর্র্থে গঠিত 'রোড ফান্ড' (৪২%), বেসরকারী খাত (১৮%), উন্নয়ন সহযোগী (১৬%) এবং বাংলাদেশ সরকার (২৪%)। সড়ক মহাপরিকল্পনার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতকালে এ কার্যক্রমে সংশ্লিষ্ট সর্বস্তরের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। প্রতিবেদন উপস্থাপনকালে সড়ক পরিবহন মালিক সমিতির আফতাব উদ্দিন, বিজিএমইএ'র ফসিহ উর রহমান, পেশাজীবী আনোয়ার হোসেন, ড. মাহফুজুল হকসহ ৫০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের অধ্যাপক ড. আলমগীর মুজিবুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৬৫৮ঘ.